ফারহান ফারুক: সরকারি প্রভিডেন্ট ফান্ডের প্রচুর অর্থ অলস পড়ে আছে। সেই অলস টাকাগুলো তথ্য ও প্রযুক্তি (আইটি) খাতে ব্যবহার করলে এ সেক্টরের অধিক উন্নয়ন সম্ভব বলে মনে করছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ। গতকাল বুধবার দুপুরে ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত “ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাজেট ভাবনা” মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাতলুব আহমাদ বলেন, মানুষ এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। তথ্য ও প্রযুক্তি দেশের জেলা পর্যায় থেকে বর্তমানে গ্রামীণ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সরকারের উচিত এ খাতকে বিশেষ নজরের আওতায় আনা। ইতোমধ্যে তথ্য ও প্রযুক্তি খাত তরুনদের হাত ধরে অনেক দুর এগিয়েছে।
তিনি বলেন, আমাদের আশা সরকার গামেন্টর্স এবং টেক্সটাইল খাতকে যে ভাবে এগিয়ে নিচ্ছে ঠিক তেমনি আইটি এবং ই-কর্মাস খাতকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। তাহলে দেশের উন্নয়ন সম্ভব। কারণ সারাদেশ এখন ইন্টারনেটের আওতায়। আর এখানেই দেশের ভবিষ্যৎ নিহিত। সভায় ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ বলেন, এবারের বাজেটে ই-কমার্স সেক্টরকে কর সুবিধার বাইরে আনা হয়েছে। তাই আগামী ২০২৪ সাল পর্যন্ত ই-কমার্স সেক্টর এবং অনলাইন শপিংকে সকল প্রকার কর এর আওতামুক্ত রাখতে হবে। ই-কমার্স সেক্টরের জন্য সুনির্দিষ্ট খাত চিহিৃত করে বাজেটে কমপক্ষে ১০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখার প্রস্তাব জানানো হয়েছে। এছাড়া সকল প্রকার ই-কমার্স এবং অনলাইনে কেনাকাটার ওপর থেকে মূসক ও কর অব্যাহতি পুনবর্হাল এর জোর প্রস্তাব করা হয়েছে। সভায় আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ অনুযায়ী ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য আছে।
যা এ সেক্টরে বিরুপ প্রভাব ফেলছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ইন্টারনেট ব্যবহারের ব্যয় কমাতে হবে। আমাদের প্রস্তাব এটা সাড়ে চার শতাংশ করা হোক।
সভায় ইন্টারনেট মডেম, ইথারনেট ইন্টারফেস কার্ড, কম্পিউটার নেটওয়ার্ক সুইচ, হাব, রাাউডার এবং সার্ভারসহ সকল ইন্টারনেট পণ্যের ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এ্যাসোসিয়েশন (বেসিস) সভাপতি শামীম আহসান। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, এফসিসিআইয়ের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, পরিচালক সাফকাত হায়দার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিএস) সভাপতি আলী আসফাক প্রমুখ।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.