২২ জুন থেকে রেলের অগ্রিম টিকিট

    নিজস্ব প্রতিবেদক : ২২ জুন থেকে রেলের অগ্রিম টিকিট পেতে পারেন ঈদে নাড়ীর টানে ঘরে ফিরতে ইচ্ছুক যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সম্ভাব্য তারিখ আগামী ৬ জুলাই ধরে টিকিট বিক্রির এ পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ এখনও অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
    সংস্থাটির পরিচালক (জনসংযোগ) সৈয়দ জহুরুল ইসলাম বলেন, আজ বুধবার রেলমন্ত্রী মুজিবুল হক বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। এরপর অগ্রিম টিকিট কবে, কীভাবে বিক্রি হবে, তা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
    রেলওয়ে সূত্র জানায়, রেলের পরিচালন বিভাগের করা সময়সূচি অনুসারে ২২ জুন বিক্রি হবে ১ জুলাইয়ের অগ্রিম টিকিট। ২৩ জুন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। একইভাবে ৩, ৪ ও ৫ জুলাই ট্রেন ভ্রমণের অগ্রিম টিকিট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৬ জুন। বাস মালিক সমিতিগুলো জানিয়েছে, ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহের মাঝামাঝি। তবে বাস মালিকদের একাধিক সংগঠন থাকার কারণে সবাই একসঙ্গে অগ্রিম টিকিট বিক্রি করে না। বড় কোম্পানিগুলো অগ্রিম টিকিট বিক্রি করে। মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল থেকে যেসব বাস ছেড়ে যায়, সেগুলোর বেশিরভাগেরই অগ্রিম টিকিট বিক্রি করা হয় না।
    বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রমেশ চন্দ্র ঘোষ বলেন, অগ্রিম টিকিট বিক্রির সব প্রস্তুতি চলছে।
    আগামী শুক্রবার বিক্রি শুরুর একটা পরিকল্পনা ছিল। তবে তা পিছিয়ে সোম বা মঙ্গলবার থেকে তারা অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছেন। সম্পাদনা : রাশিদ রিয়াজ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *