কালাম আজাদ : রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনে অবকাঠামো উন্নয়ন করা হবে। পাশাপাশি ড্রেন ও ফুটপাথও নির্মিত হবে। এসব কাজে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৫ কোটি ৮৭ লাখ টাকা। যার মধ্যে সরকারের কোষাগার থেকে আসবে ৭১৮ কোটি ১১ লাখ ও সংস্থার নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে ৩০৭ কোটি ৭৬ লাখ টাকা।
জানা গেছে, প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছেÑ ২০৪ দশমিক ৮২ কিলোমিটার রাস্তা উন্নয়ন, ২৬৭ দশমিক ২৭ কিলোমিটার ড্রেন নির্মাণ, ১১৯ দশমিক ২৭ কিলোমিটার ফুটপাথ নির্মাণ, প্রশিক্ষণ, পরামর্শ ও সেবা প্রদান; ইউটিলিটি লাইন রিলোকেশন ১টি জিপ, ২টি ডাবল কেবিন পিকআপ ও ১০টি মোটরসাইকেল ক্রয়; কম্পিউটার, ফটোকপিয়ার, অফিস যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয়।
প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছেÑ যানজট নিরসন এবং কার্যকর সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ; বিদ্যমান সড়ক ও তা সংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ, পথচারীদের হাঁটার সুবিধা বৃদ্ধিকরণ এবং নগরবাসীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন। জানা গেছে, প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক বাস্তবায়িত হবে। যার মেয়াদকাল প্রাক্কলন করা হয়েছে চলতি বছরের জুলাই থেকে ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড ও ৫টি জোনে উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হবে।
৮২ দশমিক ৩৬ বর্গকিলোমিটার আয়তনে হতে যাওয়া কাজগুলোর মাধ্যমে যানজট হ্রাস, সড়ক উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ ও পথচারীদের হাঁটার পথ সুগম করার মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে নগরবাসীর আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা হবে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.