রিকু আমির : সাময়িকভাবে বন্ধ করা তিন বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়ণরত শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে কলেজগুলোয় বর্তমান ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালার শর্ত পূরণ না করায় আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ওই তিন কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির স্থগিতাদেশ যথারীতি বহাল থাকবে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গত ১২ জুন সচিবালয়ে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম পর্যালোচনা সভায় আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ, রংপুরের নর্দান মেডিকেল কলেজ এবং গাজীপুরের সিটি মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। তবে ওইদিনের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের উপর ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে নতুন ছাত্রছাত্রী ভর্তির নিষেধাজ্ঞা এবং একই জেলায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের আসন সংখ্যা ১২৫ থেকে ৭৫ এ কমিয়ে আনার সিদ্ধান্ত বলবৎ থাকবে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.