এস এম নূর মোহাম্মদ : বেসিক ব্যাংকের ৫৫ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় দুই মামলায় মেসার্স ফরাসি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুন নবী চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় তাকে গ্রেফতারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। জানা যায়, ভুয়া কাগজপত্র দেখিয়ে নিয়মবহির্ভূতভাবে ৩০ কোটি টাকা ঋণ নেয় ফয়জুন নবী। এই অভিযোগে গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় ফয়জুন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদিকে নিয়ম বহির্ভূতভাবে ২৫ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে এশিয়ান শিপিং বিডি-এর স্বত্বাধিকারী আকবর হোসেনের বিরুদ্ধে গত বছরের ২২ সেপ্টেম্বর গুলশান থানায় আরও একটি মামলা হয়। এ মামলায় আকবর হোসেনের জবানবন্দিতে আসে তার মাধ্যমে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে ওই অর্থ আত্মসাৎ করেন ফয়জুন নবী। ওই দুই মামলায় চলতি বছরের ২৮ মার্চ গ্রেফতার হন ফয়জুন নবী চৌধুরী। পরে হাইকোর্ট থেকে দুই মামলায় ছয় মাসের জামিন নিয়ে ৩০ মে কারাগার থেকে ছাড়া পান ফয়জুন নবী।
পরবর্তীতে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর ফয়জুন নবী চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.