স্কোলারির ছাত্র তিতে ব্রাজিলের নতুন কোচ

    স্পোর্টস ডেস্ক : দুঙ্গার বিদায়ের পর যিনি নেইমারদের দায়িত্ব নিয়েছেন তিনি হলেন অ্যাডিনোর লিওনার্দো বাচি ওরফে তিতে। এই ভদ্রলোক বিশ্বফুটবলে অতটা পরিচিত নন। কিংবদন্তি লুইস ফিলিপ স্কোলারির ছাত্র ছিলেন এই তিতে। ছেলেবেলায় স্কোলারির কাছ থেকে ফিজিক্যাল ট্রেনিং নিতেন তিনি। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে তিনি ক্যারিনথিয়ানসের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ক্লাবটির প্রেসিডেন্ট রবের্তো ডি অ্যান্ড্রে তিতের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তিতে আর আমাদের সঙ্গে থাকছেন না। তিনি সিবিএফ’র আমন্ত্রণ গ্রহণ করেছেন। ব্রাজিলের জাতীয় দলের হয়ে কখনো খেলেননি তিনি। মাত্র ২৮ বছর বয়সে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। মারাত্মক হাঁটুর ইনজুরিই মূলত তাকে বেশিদূর এগোতে দেয়নি। বুট তুলে রেখে তিতে মনোযোগ দেন কোচিংয়ে। ব্রাজিলের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাবে চাকরি করেছেন। এর মধ্যে অন্যতম গ্রিমিও, অ্যাটলেটিকো মিনিরিও এবং পালমেরিয়াস। সংযুক্ত আরব আমিরাতেও কাজ করেছেন তিনি। দেশটিতে আল আইন এবং আল ওয়াহদার কোচ ছিলেন।
    সর্বশেষ ক্যারিনথিয়ানসের হয়ে তিনটি দামি ট্রফি জিতেছেন। সাও পাওলোর এই ক্লাবটিকে ২০১১ এবং ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ ঘরোয়া লিগ জিতিয়েছেন। এছাড়া কোপা সুদামেরিকেনা জিতিয়েছেন ২০১৩ সালে। তিতে ব্রাজিলে প্রতিভাবান কোচ হিসেবেই পরিচিত। কিন্তু অনেকেই শঙ্কায় আছেন তার ভবিষ্যৎ নিয়ে। কেননা ব্রাজিল এখন ফুটবলে স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে। দেশটির অভ্যন্তরীণ রাজনীতিও তাতে আঁচড় কাটছে। ব্রাজিলের বিখ্যাত ক্রীড়া লেখক জুকা কফুরিও বলছেন, তিতেকে নিয়ে অতটা অশাবাদী হতে পারছি না।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *