রামুতে দুর্বৃত্তের গুলিতে হোমিও চিকিৎসক নিহত

    কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে একজন হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। তার নাম মো. মহিউদ্দিন (৫০)। গত বুধবার রাত ২টার দিকে ঘরে ঢুকে তাকে গুলি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
    পুলিশের ধারণা জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকা- ঘটতে পারে। পুলিশ জানায়, দক্ষিণ শরিফপাড়ায় ৯ শতাংশ জমি নিয়ে হোমিও চিকিৎসক মহিউদ্দিনের সঙ্গে একই গ্রামের স্কুলশিক্ষক মো. নুরুচ্ছফার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৫ জানুয়ারি গভীর রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন স্কুলশিক্ষক নুরুচ্ছফা। এরপর ওই জমিতে কয়েক দিন ধরে একটি ঘর তুলছিলেন মহিউদ্দিন। গত বুধবার রাতে তিনি সেখানে একাই ছিলেন।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত মহিউদ্দিনের ঘরে ঢুকে তাকে গুলি করে পাশের জঙ্গলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত মহিউদ্দিনকে উদ্ধার করে ঈদগড়ের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল সকাল ৬টার দিকে তিনি মারা যান।
    রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, নুরুচ্ছফার ভাই ওয়াসিম, নূর নবীসহ কয়েকজন সন্ত্রাসী হোমিও চিকিৎসককে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে তারা পলাতক। এ ঘটনায় জড়িত সন্দেহে দিলোয়ারা বেগম নামের এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। দিলোয়ারার স্বামী আসাদুজ্জামান নিহত শিক্ষক নুরুচ্ছফার দূর সম্পর্কের আত্মীয়। ওসি জানান, গুলিতেই মহিউদ্দিনের মৃত্যু হয়েছে। সম্পাদনা : প্রিয়াংকা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *