আব্দুম মুনিব, কুষ্টিয়া : এবার কুষ্টিয়ায় এক মন্দিরের সেবায়েতকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার শহরের থানা পাড়ার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারীদের ধর্মস্থান সৎসঙ্গ মন্দিরের সেবায়েত নবকুমার ঘোষকে এ হুমকি দেয়া হয়। এতে আতঙ্কে দিন কাটছে ওই সেবায়েত ও তার পরিবারের সদস্যদের।
সেবায়েত নবকুমার ঘোষ জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তার মুঠোফোনে দুর্বৃত্তরা তাকে বলেন, ‘আমরা তোকে খুঁজছি, তোকে দরকার, তোকে দেখে নেবো। সন্ধ্যার পর তোর সাথে দেখা হবে।’ তিনি তাৎক্ষণিক বিষয়টি ওই মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষকে জানান। মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ বলেন, সেবায়েতকে হুমকি দেয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি নেতৃবৃন্দকে জানানো হয়েছে। পুলিশ ও র্যাবকেও ঘটনাটি জানানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ওই সেবায়েতের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। বিপতœীক নবকুমার ঘোষ ওই মন্দিরের পাশেই ছোট ছেলে ও বউমাকে নিয়ে বসবাস করেন। তিনি জানান, দীর্ঘ ২৭ বছর ধরে এই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে কোনোদিন কোনো সমস্যায় পড়েননি। তবে ওই ফোন পাওয়ার পার থেকে তিনি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
কুষ্টিয়ার মডেল থানার ওসি শাহাব উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি তারা শুনেছেন। তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এর আগে পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জণ পান্ডেকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এদিকে, কুষ্টিয়াস্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরের সেবায়েত নবকুমার ঘোষকে মুঠোফোনে হত্যার হুমকির ঘটনা ছড়িয়ে পড়লে, জেলার অন্য মন্দিরগুলোর পুরোহিতদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। সম্পাদনা : প্রিয়াংকা
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.