ফেনীতে বোমাবাজি-গুলির পর আটক ৩

    ফেনী প্রতিনিধি : ফেনীতে ‘ছিনতাইয়ের প্রস্তুতির’ খবর পেয়ে পুলিশের অভিযানে গোলাগুলির পর তিনজনকে আহত অবস্থায় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
    পুলিশ বলছে, আটক তিনজনই ‘ছিনতাইকারী’; তাদের একজনের গায়ে গুলি লেগেছে। শুক্রবার ভোরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ জানান।
    গুলিবিদ্ধ রফিক মিয়াকে (২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালে এবং আহত সালাউদ্দিনকে (২৫) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আমির হোসেন সুমনকে (৩৪) প্রাথমিক চিকিৎসা শেষে থানায় পাঠানো হয়েছে। তাদের সবার বাড়ি ফেনী সদর উপজেলার চরমধুয়াই এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
    ওসি বলেন, শহীদুল্লা কায়সার সড়কের ওয়ালটন শোরুমের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি চলছে খবর পেয়ে পুলিশের সাধারণ পোশাকের একটি দল সেখানে অভিযানে যায়। ‘এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমা ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করে।
    এক পর্যায়ে পুলিশের আরও দুটি দল ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। ‘এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে রফিক গুলিবিদ্ধ হন। পালাতে গিয়ে আহত হন সালাউদ্দিনও সুমন। তবে মোবারক হোসেন নামে তাদের দলের এক সদস্য পালিয়ে যায়।’

    তিনজনকে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে রফিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।
    তিনি বলেন, আটকদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান, দুই রাউন্ড কার্তুজ, তিনটি বড় ছুরি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
    এ ঘটনায় ফেনী মডেল থানায় অস্ত্র আইনে ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুটি মামলা করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *