শাহজালালে প্রায় সাড়ে ১৪ কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার, দুই ভাই আটক

    মাসুদ আলম : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরৎ দুই ভাইয়ের কোমর থেকে প্রায় সাড়ে ১৪ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। গতকাল শুক্রবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর স্বর্ণসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মামুন খান ও মুরাদ খান। ১৪ জুন ভ্রমণ ভিসায় সিঙ্গাপুরে গিয়েছিলেন এই দুই ভাই।
    ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম জানান, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা টিজি-৩২১ নম্বর ফ্লাইটে করে ঢাকায় এসেছেন মামুন খান ও মুরাদ খান। আগে থেকেই কাস্টমস কর্মকর্তাদের কাছে তথ্য ছিল স্বর্ণের চোরাচালান বিষয়ে। সেই তথ্যের ভিত্তিতেই বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তাদের শরীর ও মালামাল তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে পেট কমানোর বেল্টের ভেতর থেকে ১৪ কেজি ৩৩০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর মধ্যে ৪ কেজি ৬০০ গ্রাম বার ও সাড়ে নয় কেজির বেশি সোনার গয়না রয়েছে। একটি সোনার বারের ওজন এক কেজি। এ ছাড়া ১০০ গ্রাম ওজনের ৩৮টি বার রয়েছে। জব্দ করা সোনা ও গহনার মূল্য ৭ কোটি ১৬ লাখ টাকা। ওই সোনা ও গহনা আটক রসিদ (ডিএম) করে কাস্টমসের ভল্টে রাখা হয়েছে। সোনা চোরাচালানের অভিযোগে মামলা করে দুই ভাইকে বিমানবন্দর থানায় দেয়া হয়েছে। আটক দুভাইয়ের বাড়ি গাজীপুরে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ইতিপূর্বে দুই থেকে তিনবার বিদেশ থেকে পাঁচ কেজি স্বর্ণ এনেছে। তারা আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য। তবে তাদের একজন গডফাদার রয়েছে। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *