মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জ উপজেলার নিজামখাঁ গ্রামের তাম্বুলপুর ছড়ানদী ও তিস্তার প্রশাখা পারাপারের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করেছে এলাকাবাসী। জানা গেছে, প্রায় ২ যুগ থেকে তিস্তার এই প্রশাখা ও ছড়ানদী পারাপারের জন্য অসহনীয় দুর্ভোগ সহ্য করে আসছে দুই পাড়ের হাজার-হাজার মানুষ।
বর্ষাকালে ২ থেকে ৩ মাস নৌকা চললেও বেশির ভাগ সময় হাঁটু পানি বিরাজ করায় কাপড় ভিজে পারাপার করে জনগণ।
তাই কোন যানবাহন নিয়ে পারাপার করা যেত না। এই পথ দিয়ে দুরে কোথাও যেতে হলে ৬/৭ কিলোমিটার মেটোপথ হেঁটে যেতে হয়। উপজেলার খোর্দ্দা, লাটশালা ও তারাপুর চরের লোকজন সারাবছর ভোগান্তির শিকার হয় পারাপারে। অবশেষে এবছর দুই পাড়ের মানুষজন একত্রিত হয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেয় পারাপারের সমস্যা দূরীকরণার্থে সাঁকো নির্মাণের। সে মোতাবেক কেউ কাঠ, কেউ বাঁশ আবার কেউ শ্রম দিয়ে ৩শ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। গতকাল শুক্রবার এলাকাবাসী ছড়ানদীর উপর বাঁশের সাঁকোটি নির্মাণ শেষে চলাচলের জন্য উন্মুক্ত করে। খোর্দ্দার চরের কৃষক আবুল কাশেম জানান, পারাপারের জন্য এখন আর পাড়ে বসে অপেক্ষা করতে হবে না। চরের ব্যবসায়ী ছালাম জানান, ব্যবসায়িক মালপত্র পরিবহনে খরচ না লাগায় এখন কম দামে মালামাল বেঁচতে পারবো।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.