ফারুক আলম : ঈদে ঘরমুখো মানুষের চাপ কমাতে সদরঘাটে দুটি নতুন নৌ-টার্মিনাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আগামী ১৯ জুন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে টার্মিনাল উদ্বোধন করবেন। একটি টার্মিনাল পুরনো ঢাকার লালকুটিরের সামনে অপরটি সদরঘাটের নৌ-টার্মিনালের পশ্চিমে।
শুক্রবার দুপুরে বিআইডব্লিউটিএ-এর সদরঘাট নৌ-বন্দরের যুগ্ম-পরিচালক (যান্ত্রিক) জয়নাল আবেদিন এ তথ্য জানান। লালকুটিরের সামনের টার্মিনাল থেকে চাঁদপুরগামী এবং সরদঘাটের পশ্চিমের নতুন টার্মিনাল থেকে বরিশালগামী লঞ্চ ছেড়ে যাবে।
জয়নাল আবেদিন জানান, আগামী ১৯ জুন ১২টায় মতিঝিল বিআইডব্লিউটিএ ভবনে ঈদ ব্যবস্থাপনা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। যাত্রীদের সার্বিক নিরাপত্তা, যাত্রী চাপ কমানোসহ নানা বিষয়ে বৈঠকে ঈদ প্রস্তুতির বিষয় চূড়ান্ত করা হবে।
উদ্বোধনের পর ৩০ জুন থেকে নতুন এ দুটো টার্মিনাল থেকে ঈদ স্পেশাল লঞ্চও ছেড়ে যাবে। যাত্রীদের সুবিধার্থে নতুন ২০টি কাউন্টার খোলা হয়েছে। লঞ্চ যাত্রীদের এসব কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে লঞ্চের আরোহী হতে হবে বলে জয়নাল আবেদিন।
এছাড়া আগামী ২০ জুন থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে লঞ্চ মালিকরা। ইতোমধ্যে লঞ্চের কেবিন বুকিং শুরু হয়ে গেছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের চলাচলকারী কোনো কোনো লঞ্চের কেবিন বুকিং প্রায় শেষের দিকে। আগামী ১৫ রোজার পর থেকে কেবিনের জন্য যাত্রীদের দৌঁড়ঝাপ বেড়ে যাবে। সম্পাদনা : সুমন ইসলাম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.