শেখ জামালকে হারিয়ে সেমিফাইনালে আরামবাগ

    এল আর বাদল : যদি প্রশ্ন করা হয়, শেখ জামাল আর আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে কোন দলটি শক্তিশালী? যে কেউ এক বাক্যে বলবেন শেখ জামালের কথা। দলীয় শক্তি আর অর্থ বিত্তে আরামবাগ থেকে শতগুণ এগিয়ে শেখ জামাল। কিন্তু লাভ কী? দুর্বল প্রতিপক্ষ আরামবাগের কাছে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টাইব্রেকারে ৫-৪ গোলে শেখ জামালকে হারিয়ে আরামবাগ এ কৃতিত্ব অর্জন করে।
    তবে জয় পরাজয়ের গল্পটাও বেশ নাটকীয়। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। একটি শক্তিশালী দল দুই গোলে লিড নেওয়ার পর তা পরিশোধ করবে দুর্বল প্রতিপক্ষ, তা হয়তো একবারও কল্পনা করতে পারেনি শেখ জামাল। দ্বিতীয়ার্ধে দুই গোল পরিশোধ করে শেখ জামালকে অবাক করে দেয় আরামবাগ। শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচ জিতে ফেডারেশন কাপ থেকে শেখ জামালকে বিদায় করে দেয়। প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন ফারাক, সেটা আরও একবার প্রমাণ হলো শেখ জামালের খেলায়। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ৯০ মিনিটের খেলা ২-২ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়ে কোনো দল গোল পায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে শেখ জামালকে ৫-৪ গোলে হারিয়েছে আরামবাগ।
    পেনাল্টি শটে প্রথমে ৪-৪ গোলে সমতায় থাকে দল দুটি। পরে সাডেন ডেথে গোল করে আরামবাগকে এগিয়ে দেন মনসুর আমিন। কিন্তু চাপের মুখে গোল করতে ব্যর্থ হন শেখ জামালের কেষ্ট কুমার বোস। তার শট পোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *