আন্তর্জাতিক ডেস্ক : শ্রদ্ধা আর ভালোবাসায় ব্রিটিশ লেবার এমপি জো কক্সকে স্মরণ করলেন যুক্তরাজ্যবাসী। বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বালন, পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে তার মৃত্যুকে কেন্দ্র করে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার ব্যাপারে প্রচারণার যে কাজ জোর গতিতে চলছিল তা স্থগিত করা হয়েছে। বিবিসি
বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে নিহত হন জো কক্স। যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির ব্যাটলি অ্যান্ড স্পেন আসনের এমপি ছিলেন তিনি। জো কক্স ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে সোচ্চার ছিলেন। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে তার ওপর গুলিবর্ষণ ও ছুরিকাঘাত করেন এক অজ্ঞাত ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৫২ বছরের এক ব্যক্তিকে আটক করেছে।
বৃহস্পতিবার, জো কক্সকে শ্রদ্ধা জানাতে ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলের চার্চে জড়ো হন শত শত মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্ট পিটার’স চার্চটি মানুষে ভরে যায়। তারা সবাই কক্সকে শ্রদ্ধা জানাতে আসেন। লেবার এমপি ইভেত্তে কুপার এবং ড্যান জারভিসও সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।
স্মরণ অনুষ্ঠানে হুডারসফিল্ডের বিশপ জোনাথন গিভস বলেন, ‘জো কক্স এ কমিউনিটিতেই বেড়ে উঠেছেন, তিনি এ কমিউনিটির জন্যই বেঁচে ছিলেন, এ কমিউনিটির সেবায় নিয়োজিত ছিলেন এবং শেষ পর্যন্ত এ কমিউনিটির জন্যই জীবন দিলেন তিনি।’
লন্ডনের প্রাণকেন্দ্র পার্লামেন্ট স্কয়ারেও একটি শোক মিছিল হয়। লেবার পার্টির নেতা জেরিমি করবিনসহ অন্য এমপিরা সে মিছিলে অংশ নেন। এর আগে জো কক্সের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে করবিন বলেন, ‘গোটা দেশ আঘাত পেয়েছে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘জো কক্সের মৃত্যু এক ট্র্যাজেডি। তিনি একজন নিবেদিতপ্রাণ এমপি ছিলেন।’
জো কক্সের সঙ্গে সিরিয়া ইস্যুতে সর্বদলীয় সংসদীয় কার্যনির্বাহী গ্রুপ গঠন করেছিলেন কনজারভেটিভ এমপি অ্যান্ড্রু মিচেল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে কক্সকে ‘প্রকৃতির শক্তি’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, অন্যদের সহায়তার জন্য নিবেদিত ছিলেন কক্স।
গত পঁচিশ বছরের মধ্যে জো কক্সই প্রথম কোনও এমপি যাকে হত্যা করা হলো। এর আগে ১৯৯০ সালে আইরিশ রিপাবলিকানদের হামলায় এক কনজারভেটিভ এমপি নিহত হয়েছিলেন।
প্রধানমন্ত্রীর শোক
দীপক চৌধুরী : ব্রিটেনের লেবার পার্টির এমপি জো কক্স নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লেবার পার্টির তরুণ এবং প্রতিশ্রুতিশীল এমপি জো কক্স নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। তার অকাল মৃত্যুতে ব্রিটেন একজন বীর রাজনৈতিক নেতাকে হারাল। যিনি সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠির স্বার্থে সবসময় কাজ করে গেছেন। বিশ্ব শান্তি ও সহনশীলতায় তার নিঃস্বার্থ ভূমিকার জন্য পুরো বিশ্ব তাকে মনে রাখবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লিডস শহরের ব্রাস্টলে আততায়ীর গুলি ও ছুরিকাঘাতে নিহত হন ব্রিটিশ এমপি জো কক্স।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.