হবিগঞ্জে সালিশে সংঘর্ষ, বল্লম মেরে হত্যা

    হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদরে জমি নিয়ে সালিশ বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান। নিহত আব্দুস সালাম (৪০) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় সালামের দুই ভাই মোতালিব ও আব্দুল মন্নাফ আহত হয়েছেন।
    মোতালিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মন্নাফসহ দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি বলেন, গ্রামের একখ- জমি নিয়ে সালামের সঙ্গে স্থানীয় আফছর আহমেদের বিরোধ চলছিল। রাতে এ নিয়ে সালিশ বসলে সালাম ও আফসারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
    ‘এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়।’
    খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করার কথা জানিয়েছেন ওসি।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *