মোদির হস্তক্ষেপ কামনা কি দেশবিরোধী উস্কানি নয় : আ. লীগ এমপি

    Modeমাহমুদুল আলম : বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় ভারতের প্রধানমন্ত্রীর ‘হস্তক্ষেপ চেয়ে’ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্তের কথিত বক্তব্য নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তোলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংসদ সদস্য।
    প্রস্তাবিত বাজেটের উপর সংসদে সাধারণ আলোচনায় গতকাল শনিবার হবিগঞ্জের সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনি কি উস্কানি দিচ্ছেন?
    মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর রানা দাশগুপ্ত ‘পাকিস্তানপন্থিদের মতো’ কথা বলেছেন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে থেকে যেভাবে পাকিস্তানের পক্ষে অনেকেই কথা বলেন, তিনি (রানা দাশগুপ্ত) সেভাবেই কথা বলেছেন।
    বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সম্প্রতি বেশ কয়েকটি হামলার পর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত নরেন্দ্র মোদির কাছে ‘হিন্দুদের নিরাপত্তার জন্য হস্তক্ষেপ’ চান বলে সম্প্রতি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে খবর আসে ভারতের গণমাধ্যমে। তবে রানা দাশগুপ্ত এই ধরনের বক্তব্য দেওয়ার খবর অস্বীকার করেছেন।
    সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট মজিদ খান বলেন, বিএনপির সময়ে তারা (হিন্দু) দুর্গাপূজা করতে পারত না। সারা বাংলাদেশের মানুষ তাদের পেছনে ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পেছনে ছিল। আজ তারা স্বচ্ছন্দে ধর্ম পালন করতে পারে। রানা দাশগুপ্তকে নিয়ে ওই খবরের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, সংখ্যালঘুদের রক্ষায় প্রতিবেশী কোনো রাষ্ট্রনায়কের কাছে ‘আর্জি জানানোর দরকার নেই’। এজন্য বর্তমান সরকারই ‘যথেষ্ট’। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *