জাহাঙ্গীর হোসেন লিটন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর-পানপাড়ার সাত কিলোমিটার সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে সড়কটিতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে রায়পুর থেকে পানপাড়া, রামগঞ্জ, হাজিগঞ্জসহ বিভিন্ন স্থানে প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ হাজার মানুষেরও বেশি মানুষ যাতায়ত করে। গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় কয়েকটি গর্তে পানি জমে আছে। কয়েকটি গর্ত অতিরিক্ত বড় হওয়াতে গত এক সপ্তাহ ধরে সিএনজি চালিত অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো বন্ধ রয়েছে।
কয়েকজন গাড়ি চালক ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাত-আট মাস ধরেই সড়কটির বেহাল অবস্থা। একটু পরপরই বড় বড় গর্ত। বৃষ্টিতে এসব গর্তে পানিতে ডুবে গেলে বোঝার উপায় থাকে না যে এটি রাস্তা না জলাধার। সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে একাধিকার আবেদন করলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। বড় গর্তগুলো ইট, সুরকি ও বালু দিয়ে ভরাট করে দিলে ছোট গাড়িগুলো চলাচল করতে পারত। কিন্তু কর্তৃপক্ষ সেই কাজটুকুও করছে না।
গর্তগুলো এতটাই গভীর হয়েছে যে গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। রাতের বেলায় গাড়ি আটকে গেলে আশপাশে কোনও মানুষও পাওয়া যায় না উদ্ধারে। বর্তমানে সড়কের অবস্থা এতটাই নাজুক যে গত এক সাপ্তাহ ধরে সিএনজি চালিত অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো বন্ধ রয়েছে। দিনে বেলায় দু-একটি বড় যানবাহান চলে। রাতে সবই বন্ধ থাকে।
স্থানীয় কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কামাল জানান, রাস্তাটি সংস্কারের জন্য রায়পুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও স্থানীয় সংসদ সদস্যকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। বর্তমানে সড়কটিতে বড় বড় গর্তের পরিমাণ এতো বেশি যে গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়াও বেশ কষ্টকর হয়ে পড়েছে। অনেক গাড়ি গর্তে পড়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের রায়পুর উপজেলা প্রকৌশলী মো. আক্তার হোসেন ভূঁইয়া বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, বরাদ্দ না থাকায় সড়ক মেরামত করা যাচ্ছে না। তবে পুরো সড়কটির সংস্কারের কাজ টেন্ডার প্রক্রিতায় করে খুব দ্রুত শুরু হবে।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.