এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের যাত্রা

    হাসান আরিফ : জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বেসরকারি একটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। এটির নাম দেওয়া হয়েছে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’।
    রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে বক্তব্য দেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সুলতানা কামাল, টিআইবির প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখারুজ্জমান, ব্র্যাকের কর্মকর্তা মুস্তাক রাজা চৌধুরী প্রমুখ।
    দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এসডিজির ৫টা বৈশিষ্ট্য আছে। এবার এসডিজির অর্জন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক। এসডিজিকে সমন্বিতভাবে দেখতে হবে যেমন শিক্ষা, স্থাস্থ্য ও দেশীয় প্রেক্ষাপট বাস্তবায়ন। পেশাজীবীদের সচেতনতা বাড়াতে হবে। বাংলাদেশের একটি মানুষকেও পেছনে ফেলা যাবে না।’ সুলতানা কামাল বলেন, ‘একটা রাষ্ট্রের জন্য সুশাসন খুব গুরুত্বপূর্ণ। যদি সুশাসন না থাকে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব না। একটি দেশের উন্নয়ন শুধু প্রবৃদ্ধি দিয়ে বিচার করা যায় না।’
    ব্রিফিংয়ে আরও জানানো হয়, এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের ব্যাপকতার দিকটি বিবেচনা করলে এটি নিশ্চিতভাবেই বলা যায়, এ প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং নাগরিক সমাজের যথাযথ অংশগ্রহণ অত্যন্ত জরুরি। রূপান্তরমুখী এবং অন্তর্ভুক্তিমূলক এ লক্ষ্যগুলোর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের নাগরিক সমাজের সম্মানিত ব্যক্তিবর্গের উদ্যোগে একটি প্লাটফর্ম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ শীর্ষক এ প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হবে এসডিজি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখা এবং এ প্রক্রিয়ার জবাবদিহিতা নিশ্চিত করা।
    এ ছাড়া বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি ও মাত্রা পর্যবেক্ষণ করা। বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জগুলোর বিষয়ে নীতিনির্ধারকদের সচেতন করা যাতে করে এ লক্ষ্যে বিনিয়োগ করা অর্থের সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়, বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং এসডিজি বাস্তবায়নকারী সকল প্রতিষ্ঠান ও স্বার্থসংশ্লিষ্ট পক্ষের মধ্যে তথ্য বিনিময় সহ-সার্বিক সমন্বয় সাধনে সহায়তা করা। এসডিজি অর্জনের সুফল দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাতে পৌঁছে তা নিশ্চিত করতেও এ প্ল্যাটফর্ম সক্রিয় হবে। এসডিজিতে নিহিত লক্ষ্যমাত্রা অভিষ্টগুলোর অগ্রগণ্যতা নির্ধারণে বিশ্লেষণধর্মী মতামত প্রস্তুত করা, এ লক্ষ্যমাত্রাগুলোর জন্য যথাযথ গুণগত ও পরিমাণগত সূচক নিদিষ্ট করা, এসডিজির লক্ষ্য ও অভিষ্টের সঙ্গে দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনাসমূহের সমন্বয় করা এবং এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন নতুন নীতি, কর্মসূচি বা সংস্কার কার্যক্রমের যথার্থতা ও কার্যকারিতা বিশ্লেষণ এবং সমগ্র প্রক্রিয়াটির পরিবীক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করা।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *