আনিসুর রহমান তপন : আজ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আসন্ন ঈদের অগ্রিম টিকিট বিক্রির কথা সাংবাদিকদের জানাবেন রেলমন্ত্রী মুজিবুল হক। গতকাল রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞতিতে তথ্য কর্মকর্তা বলেন, আজ দুপুর দেড়টায় রেল ভবনের সম্মেলন কক্ষ যমুনায় রেলপথমন্ত্রী মজিবুল হক ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি এবং টিকিট বিক্রি কার্যক্রম বিষয়ে বিস্তারিত জানাবেন।
এদিকে রেলওয়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে আগামী ২১ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রস্তাবনা অনুযায়ী, ২১ থেকে ২৫ জুন পর্যন্ত টিকিট বিক্রির কার্যক্রম চলবে। টিকিট বিক্রি করা হবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে রেল মন্ত্রণালয় আগামী ২২ জুন থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা করেছে বলে জানা গেছে। অন্যান্য বছর ঈদের পাঁচদিন আগে থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হলেও এবার অন্তত ১০ দিন আগেই এ কার্যক্রম শুরু করার চিন্তাভাবনা করছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রের দাবি, বর্তমানে রেলওয়েতে ৯২২টি যাত্রীবাহী কোচ আছে। ঈদ উপলক্ষে আরও ১৭০টি কোচ বহরে যোগ হবে। এছাড়াও ভারত ও ইন্দোনেশিয়া থেকে ২৭০টি নতুন কোচ আমদানির প্রক্রিয়া শুরু হওয়ার কারণে সেখান থেকেও এবার ঈদে স্পেশাল ট্রেনগুলোতে নতুন বগি যোগ হচ্ছে প্রায় ৬০টি। বর্তমানে প্রতিদিন সারাদেশের বিভিন্ন রুটে চলাচলরত রেলের ২০৩টি লোকোমোটিভ এর সঙ্গে ঈদ উপলক্ষে মেরামত করে যোগ করা হবে আরও ২৫টি লোকোমোটিভ।
এদিকে ঈদকে সামনে রেখে আগামী সোমবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন শ্যামলী পরিবহনের মালিক ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ। তিনি বলেন, আগামী সপ্তাহের সোমবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত ঈদের মতো একইভাবে টিকিট বিক্রি হবে। কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না বলেও দাবি করেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি। সম্পাদনা : উম্মুল ওয়ারা সুইটি
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.