মাহমুদুল আলম : যুদ্ধাপরাধীদের নামে সরকারি কোনো প্লট বরাদ্দ হয়েছে কি না, তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। জাতীয় সংসদের চলতি অধিবেশনে গতকাল প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, বিএনপি সরকারের সময় ১৯৯১ ও ২০০১ সালে যুদ্ধাপরাধীদের নামে রাজউকের কোনো প্লট বরাদ্দ করা হয়েছে কি না, সেটা তদন্ত করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার এ সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিয়মবহির্ভূতভাবে জামায়াতের বিভিন্ন নেতা, সাজা পাওয়া ও অভিযোগে আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে রাজউক প্লট বরাদ্দ দিয়ে থাকলে সেটা তদন্ত করে দেখা হবে।
সে রকম কাউকে পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০০৬ সালে বিএনপির সরকারের সময়ে রাষ্ট্রীয় কাজের স্বীকৃতি স্বরূপ জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে রাজধানীর বনানীতে প্লট বরাদ্দ দিয়েছিল রাজউক। বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ করার দায়ে সম্প্রতি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে নিজামীর।
সরকারি দলের আরেক সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেনের প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদের যেসব সংসদ সদস্যের ঢাকা শহরে প্লট বা ফ্ল্যাট নেই, তাদের জন্য কেরানীগঞ্জ মডেল টাউন আবাসিক প্রকল্পে প্লট বা ফ্ল্যাট সংরক্ষিত থাকবে। এছাড়া রাজউক কিংবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ভবিষ্যতে প্রকল্প গ্রহণ করা হলে সেখানেও এমপিসহ সব পেশার মানুষের জন্য প্লট ও ফ্ল্যাট বরাদ্দের সুযোগ থাকবে। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.