পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে পশুপালন কোর্সের কার্যক্রম চলবে

    এস এম নূর মোহাম্মদ : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি (পশুপালন) কোর্সের কার্যক্রম চলবে বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের করা আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। এর ফলে ওই বিশ্ববিদ্যালয়ে পশুপালন কোর্সের কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
    জানা যায়, ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি কোর্সে ভর্তির অনুমতি দেয়। এতে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর আপত্তি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
    এরপর ইউজিসি ২৫ অক্টোবর এক সিদ্ধান্তে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ওই কোর্সে ভর্তি স্থগিত করে। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকজন অভিভাবক হাইকোর্টে রিট করেন।
    ২০১২ সালের ১৪ মার্চ হাইকোর্ট পশুপালন কোর্সে ভর্তি বন্ধের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দেন। পরবর্তীতে এ রায়ের বিরুদ্ধে ইউজিসি আপিল করে। আদালতে ইউজিসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। অপরদিকে অভিভাবকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সম্পাদনা: পরাগ মাঝি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *