নাসিমুজ্জামান সুমন : ব্র্যাক ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী কাফি, মাইসুন ও অন্তরা জাপানে স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি স্যাটেলাইট তৈরি এবং তা উৎক্ষেপণের লক্ষ্যে কাজ করে আসছিলেন যা এখন সফলতার মুখ দেখতে যাচ্ছে।
আগামী বছর মে মাসে তাদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হবে। গত বুধবার জাপানের কিউসু ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইটি) এবং বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট প্রকল্পের চুক্তি স্বাক্ষর করে।
ব্র্যাক ইউনিভার্সিটির জিডিএলএন সেন্টারে অনুষ্ঠিত কনফারেন্সে উপাচার্য প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব এবং কেআইটির প্রফেসর মেংগু চো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
বার্ডস নামক প্রজেক্টের মাধ্যমে এ ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এজন্য এর নাম দেওয়া হয়েছে অন্বেষা ৩বি (৩বি-বাংলাদেশ, ব্র্যাক ও বার্ডস প্রজেক্ট)।
যুক্তরাষ্ট্র, চীন বা ফ্রান্সের মতো উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও প্রযুক্তির অগ্রগতি সম্ভব বলে ব্র্যাকের অধ্যাপকরা মত প্রকাশ করেন।
সাধারণত টিভি এবং টেলিফোন কমিউনিকেশনের জন্য ব্যবহৃত স্যাটেলাইট থাকে মহাকাশের অনেক উপরে। যা আকারে অনেক বড়। কিন্তু বাংলাদেশ যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে তার আকার হবে ১০ বাই ১০ বাই ১০ সেন্টিমিটার। ন্যানো স্যাটেলাইটটি পৃথিবী থেকে মাত্র ৩৫০ কিলোমিটার উপরে থাকবে। স্যাটেলাইটের দূরত্ব কমে যাওয়ায় হাই কোয়ালিটির ছবি পাওয়া যাবে বলে দাবি গবেষকদের। সম্পাদনা : রাশিদ রিয়াজ
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.