নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, স্বাধীনতা যুদ্ধে ভারতের কাছে আমাদের যে ঋণ ছিল তা আমরা আগেই শোধ করেছি, এখন যেটা টানছি সেটা সুদ। তিনি বলেন, ভারত সমৃদ্ধশালী দেশ হওয়ার পরও আমাদের ওপর থেকে সুদ আদায় করে নিচ্ছে, যেমনিভাবে পূর্ব পাকিস্তানের ওপর থেকে পশ্চিম পাকিস্তান জোর জুলুম করে আদায় করেছিল । গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশকে মরুভূমি বানানোর ভারতীয় পানি আগ্রাসী নীতি রুখে দাঁড়ান’ শীর্ষক এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশের আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
ড. জাফরুল্লাহ বলেন, একটি দেশের সাথে ট্রানজিট হতে পারে। তা হতে পারে দেশের রাস্তাঘাটের যে ক্ষতি হবে তার ক্ষতিপূরণের বিনিময়ে। তবে বর্তমান সরকার ভারতকে যে ট্রানজিট দিয়েছে তা নামমাত্র ক্ষতিপূরণে।
তিনি দেশের সুশীল সমাজের সমালোচনা করে বলেন, আগে দেখতাম, সরকার দেশবিরোধী কোনো চুক্তি করলে রেহমান সোবহানের মত সুশীল সমাজের লোকেরা সরকারের সমালোচনা করত কিন্তু এখন দেখছি তাদের মুখবন্ধ। তাহলে কি বুঝব, ভারতের মুদ্রা দিয়ে তাদের মুখবন্ধ রাখা হয়েছে।
ডা. জাফরুল্লাহ বলেন, বতর্মান সরকার অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার, আর এই অনির্বাচিত সরকারকে ভারতই টিকিয়ে রেখেছে তাদের নিজেদের স্বার্থে।
তিনি ফারাক্কা চুক্তিসহ অন্যান্য চুক্তি বাস্তবায়নের সময় জনগণের স্বর্থের কথা বিবেচনায় নেওয়ার জন্য সরকার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ বাংলাদেশের কমিনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুল রশিদ, জাহিদুল হক মিলু প্রমুখ। সম্পাদনা : রাশিদ রিয়াজ
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.