মো, শাফায়েত হোসেন, বান্দরবান : বান্দরবানে সন্ত্রাসীদের হাতে অপহৃত উপজেলা আওয়ামী লীগ নেতা মংপু মারমাকে এখনো উদ্ধার করা যায়নি। তার কোন সন্ধান ৫ দিনেও মেলেনি বলে পারিবারিক সূত্র জানান। অপহৃত আওয়ামী লীগ নেতা উদ্ধার না হওয়া পর্যন্ত আগামী রোববার সকাল থেকে আবারও লাগাতার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস।
পুলিশ সূত্র বলেছে, ওই অপহরণ ঘটনায় একজন নারীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত আওয়ামী লীগ নেতা মংপু মারমার স্বজনরা পার্বত্য আঞ্চলিক পরিষদের ২ সদস্য এক উপজেলা চেয়ারম্যানসহ জনসংহতি সমিতির ৩৮ জন নেতাকর্মীকে আসামি করে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয় গত মঙ্গলবার রাতে। মামলায় আসামিভুক্ত জনসংহতি সমিতির অনেকেই আত্মগোপনে রয়েছেন। তবে তাদের ধরার জন্যে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ।
এদিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর জানান, সোমবার রাতে নিজ গ্রাম থেকে দলীয় নেতা মংপু মারমাকে জনসংহতি সিমিতির সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করেন। তার মুক্তির জন্যে প্রথমে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল।
সেই আল্টিমেটাম শেষ হওয়ার পর গত বুধবার ভোর থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত প্রথম ধাপের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলে। শুক্রবার ও শনিবার ২ দিন এ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়। রোববার ভোর ৬টা থেকে আবারও শুরু হবে এই অবরোধ কর্মসূচি।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.