‘ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্ক পাকিস্তান ভালো চোখে দেখছে না’

    আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ‘তার দেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ককে ভালো চোখে দেখছে না প্রতিবেশী পাকিস্তান। ইসলামাবাদ চায় না ভারত ও আফগানিস্তানের ভেতরে দ্বিপক্ষীয় বাণিজ্য গড়ে উঠুক কিংবা আফগানিস্তানের ভেতর দিয়ে মধ্য এশিয়ায় ভারত প্রবেশাধিকার লাভ করুক- যা আফগানিস্তানের কাছে অগ্রহণযোগ্য।’
    বিবিসি উর্দু বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সাবেক আফগান প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, ‘আফগানিস্তানের অবকাঠামো ও স্বাস্থ্য খাত গড়ে তোলার জন্য সাহায্য করছে ভারত। এছাড়া, গরিব দেশ হওয়া সত্ত্বেও আফগানিস্তানকে অর্থ দিয়ে ভরে দিয়েছে দিল্লি।’ কারজাই আরো দাবি করেন, ‘আফগানিস্তানের সত্যিকারের বন্ধু হতে চায় ভারত এবং আমরা চাই পাকিস্তানও একই কাজ করুক।’ তিনি বলেন, ‘পাকিস্তানের উচিত আফগানিস্তান, ভারত ও ইরানের সঙ্গে আঞ্চলিক জোট গড়ে তোলা। কিন্তু পাকিস্তানের অবস্থা হচ্ছে এমন যে, তারা মনে করে ভারতের সঙ্গে আফগানিস্তানের কোনো যোগাযোগ থাকা উচিত নয়। যদি এ ইস্যুর সমাধান হয় তাহলে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কেও উন্নতি হবে।’ ব্রিটিশ আমলে সৃষ্টি করা ডুরান্ড লাইনকে ব্রিটিশ উপনিবেশবাদের ফসল মন্তব্য করে কারজাই বলেন, ‘আফগানিস্তান কখনো এ সীমারেখা গ্রহণ করে নি এবং ভবিষ্যতেও করবে না।’

    ডুরান্ড লাইন আফগানিস্তানের জন্য বিপর্যয় বলেও মন্তব্য করেন তিনি। কারজাই বলেন, ‘এ জন্য পাকিস্তানকে দায়ী করছি না কিন্তু এ সীমান্তরেখা আমরা মানব না; এ নিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধও করব না।’ তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তান একটি স্বাধীন-সার্বভৌম দেশ এবং পাকিস্তানের কাছ থেকে দিক-নির্দেশনা নেয়ার প্রয়োজন নেই।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *