ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিল্লাল হোসেন মৃধাকে কুপিয়ে আহত করেছে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। বিল্লালকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদপুর সদর মডেল থানার ওসি নাজিমউদ্দিন সাংবাদিকদের জানান, পরিবারের পক্ষ থেকে শুক্রবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী জানায়, রাত ১০টার দিকে স্টেশন বাজারের গৌরের দোকানের সামনে একদল সশস্ত্র যুবক আচমকা বিল্লাল মৃধার উপর হামলা চালায়।
এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় জনতা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তারা।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাফিজুল হাসান তাপস শেখ বলেন, ‘রেল স্টেশন এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ অনৈতিক কার্যক্রম করে আসছিল। ইতিপূর্বে অনেকবার তাদের একাজ থেকে বিরত থাকতে বলেছি আমরা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এর জেরে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিল্লাল মৃধার উপর এই হামলা হয়েছে। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদ এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান। সম্পাদনা : সুমন ইসলাম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.